তুরস্কের রাজধানী আঙ্কারায় ৭-৮ জুলাই অনুষ্ঠিত ন্যাটোর ৩৫তম শীর্ষ সম্মেলনের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বৈশ্বিক পারমাণবিক নিরস্ত্রীকরণ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মাধ্যমে শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।
শনিবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ন্যাটো নেতারা উত্তর কোরিয়ার বৈধ সার্বভৌম অধিকার প্রয়োগকে হুমকি হিসেবে বিবেচনা করছেন।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, অস্ত্র খাতে ব্যয় বৃদ্ধি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ন্যাটো জোটভিত্তিক সংঘাতের প্রতি আরও দৃঢ় অবস্থান নিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আঙ্কারার সম্মেলনে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় এবং প্রতিরক্ষা শিল্পসংক্রান্ত বিভিন্ন চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
পিয়ংইয়ংয়ের ভাষ্য, এসব পদক্ষেপ প্রমাণ করে যে ন্যাটো একটি যুদ্ধ ও সংঘাতমুখী সামরিক জোটে পরিণত হয়েছে।
তবে ন্যাটোর পক্ষ থেকে উত্তর কোরিয়ার এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
