সেমিফাইনালের লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড-নরওয়ে

সেমিফাইনালের লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড-নরওয়ে

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ (১১ জুলাই) মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের মিয়ামির ঐতিহাসিক হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে।

শেষ আটের এই মহারণে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর।

শেষ ষোলোর নাটকীয় ম্যাচে স্বাগতিক মেক্সিকোকে ১০ জনের দল নিয়েও ৩-২ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্লিং হাল্যান্ডের নরওয়ে।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ কিছু দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড শিবির। মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখে বহিষ্কৃত হওয়ায় খেলতে পারবেন না ডিফেন্ডার জারেল কোয়ান্সাহ। এ ছাড়া বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে হাত ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

এদিকে ডিক্লান রাইস ও মার্ক গেহির ফিটনেস নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবুও কোচ থমাস টুচেল হ্যারি কেইন, জুড বেলিংহাম ও ড্যান বার্নকে ঘিরে গড়া দল নিয়েই নরওয়ের বিপক্ষে কৌশল সাজাচ্ছেন। মেক্সিকোর বিপক্ষে মাত্র ৩৩.২ শতাংশ বল দখলে রেখেও কার্যকর পাল্টা আক্রমণে জয় তুলে নেওয়া ইংল্যান্ড একই পরিকল্পনায় খেলতে পারে।

অন্যদিকে, নরওয়ের শিবিরে স্বস্তির খবরই বেশি। কোচ স্টালে সলবাকেন প্রায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন। শেষ ম্যাচে হালকা চোট পাওয়া লেফট-ব্যাক ডেভিড মোলার উলফ সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্লিং হাল্যান্ড। এখন পর্যন্ত ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে অন্যতম শীর্ষ দাবিদার তিনি। টুর্নামেন্টে তার নেওয়া শটের ৩৯ শতাংশই গোলে পরিণত হয়েছে, যা বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা গোল রূপান্তর হার।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটি হতে পারে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। একদিকে ইংল্যান্ডের সংগঠিত রক্ষণ ও দ্রুত কাউন্টার অ্যাটাক, অন্যদিকে হাল্যান্ডকে কেন্দ্র করে নরওয়ের শক্তিশালী আক্রমণ—সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে হাইভোল্টেজ এক ম্যাচ।