ট্রাম্পের ফোনে বদলেছিল বালোগানের নিষেধাজ্ঞা, ফিফাকে ঘিরে নতুন বিতর্ক

ট্রাম্পের ফোনে বদলেছিল বালোগানের নিষেধাজ্ঞা, ফিফাকে ঘিরে নতুন বিতর্ক

খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছালেও মাঠের লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন বিতর্কও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

যৌথ আয়োজক হিসেবে কানাডা ও মেক্সিকো থাকলেও এবারের বিশ্বকাপের অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। ৪৮ দলের এই আসরে রেফারিং, ভিএআর, হাইড্রেশন ব্রেক এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা চলছে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকার কথা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।

পরে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে। এর ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে মাঠে নামার সুযোগ পান।

তবে নতুন তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত ১৮ সদস্যের ডিসিপ্লিনারি কমিটির সম্মিলিত বৈঠকে হয়নি। বরং ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একাই নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত নেন। কমিটির অন্য সদস্যদের সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক পরামর্শ করা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণ নিয়ম অনুযায়ী, এ ধরনের সিদ্ধান্ত চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান হোর্হে প্যালাসিও এবং কমিটির আরেক সদস্যকে নিয়ে গঠিত তিন সদস্যের প্যানেল গ্রহণ করে। বিশেষ ক্ষেত্রে একক সিদ্ধান্তের দায়িত্বও সাধারণত ডেপুটি চেয়ারম্যান পালন করেন। কিন্তু বালোগানের ঘটনায় প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। তাদের মধ্যে ১২ জন নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করেছেন বা করবেন। বালোগানই একমাত্র খেলোয়াড়, যিনি লাল কার্ড পাওয়ার পরও পরের ম্যাচে মাঠে নামার সুযোগ পান।

তবে বালোগানের অংশগ্রহণেও শেষ পর্যন্ত লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। রাউন্ড অব ১৬-এ বেলজিয়ামের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিকরা।