বন্যাকবলিত ১১ জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বন্যাকবলিত ১১ জেলায় সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চট্টগ্রাম, কক্সবাজার, ফেনীসহ বন্যাকবলিত ১১টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বন্যাদুর্গত এলাকায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। এর মধ্যে স্যালাইন, বিশুদ্ধ পানি তৈরির ট্যাবলেট, সাপে কাটার প্রতিষেধক (অ্যান্টিভেনম) এবং অন্যান্য জরুরি ওষুধ রয়েছে। এছাড়া স্বাস্থ্যসেবা কার্যক্রম সচল রাখতে তিন স্তরের সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত চিকিৎসাসেবা না পাওয়ার কারণে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা ৯৫ জন রোগী ভর্তি রয়েছেন এবং তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছেন।

ব্রিফিংয়ে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির বিরুদ্ধে সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

তিনি জানান, আদ্-দ্বীন কর্তৃপক্ষ ইতোমধ্যে কিছু চিকিৎসককে অপসারণ করেছে, হাসপাতাল প্রাঙ্গণের বেকারি সরিয়ে নিচ্ছে এবং অবকাঠামোগত সংস্কার কার্যক্রম পরিচালনা করছে। এসব কাজ শেষ হলে পুনরায় পরিদর্শনের মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।