প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে পরিবেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে সারাদেশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সরকারি তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হচ্ছে।
