২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো। বিশেষ এই আয়োজনের কারণে ফাইনালের বিরতি প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। বিরতিতে প্রায় ১১ মিনিটব্যাপী বিশেষ সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করবেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাফটাইম প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প হিসেবে প্রচলিত ১৫ মিনিটের বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের সাংস্কৃতিক আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, হাফটাইম বিরতি ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। তাই বিশেষ এই আয়োজন কীভাবে নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে, তা নিয়ে আলোচনা চলছে।
এর আগে নিউইয়র্ক–নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলির পরিবেশনার কারণে হাফটাইম প্রায় ২৪ মিনিট স্থায়ী হয়েছিল।
এদিকে, ফাইনালের হাফটাইম শোর শিল্পী তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে পিএস২২ কোরাস-ও পরিবেশনায় অংশ নেবে।
ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় শুরু হবে। এর আগে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।
সমাপনী আয়োজনে অংশ নেবেন হলিউড তারকা টম ক্রুজ, ইতালীয় গায়িকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ শিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আই শো স্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।
ইতোমধ্যে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
