অবসরের ভাবনায় নেই কেইন, টানলেন মেসির উদাহরণ

অবসরের ভাবনায় নেই কেইন, টানলেন মেসির উদাহরণ

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড। ম্যাচ শেষে অধিনায়ক হ্যারি কেইনের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও এখনই অবসরের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন এই ইংলিশ তারকা।

বুধবার (১৫ জুলাই) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কেইনকে জিজ্ঞাসা করা হয়, এটিই কি তার শেষ বিশ্বকাপ ছিল? জবাবে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার বলেন, এখনই এ বিষয়ে কিছু বলার সময় হয়নি।

কেইন বলেন, “আমি বছর ধরে এগোই এবং দেখি নিজেকে কেমন অনুভব করি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভীষণ ভালোবাসি। তবে চার বছর অনেক দীর্ঘ সময়।”

এরপর লিওনেল মেসির উদাহরণ টেনে তিনি বলেন, “মেসির মতো একজন খেলোয়াড় এখনো বেশি বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলছেন। তাই ভবিষ্যৎ সম্পর্কে এখনই কিছু বলা কঠিন। এই মুহূর্তে আমাদের বিদায়ের হতাশা কাটিয়ে ওঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবকিছু উজাড় করে দিয়েছিলাম, কিন্তু সেটি যথেষ্ট ছিল না।”

৩৩ বছর বয়সী কেইনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই। দুই বছর পর অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে তার।

এদিকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও কেইনের সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। সবকিছু মিলিয়ে, ইংল্যান্ডের জার্সিতে আরও কিছুদিন হ্যারি কেইনকে মাঠে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে।