কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

কানাডায় চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় প্রতিবেশী দেশটির ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, কানাডার ‘ইচ্ছাকৃত অবহেলার’ কারণে যুক্তরাষ্ট্রে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস প্রবেশ করছে।

শুক্রবার (১৭ জুলাই) কানাডিয়ান ওয়াইল্ডল্যান্ড ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, দেশটিতে ৮৮৮টি দাবানল সক্রিয় রয়েছে, যার বেশিরভাগই এখনও নিয়ন্ত্রণের বাইরে। এসব দাবানলে ইতোমধ্যে প্রায় ৩০ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।

দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা, মিশিগান, পেনসিলভানিয়া, ওহাইও ও নিউইয়র্ক অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। এর ফলে কয়েকটি এলাকায় বায়ুমানের অবনতি হওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এবং বাতিল করা হয়েছে বহু উন্মুক্ত অনুষ্ঠান।

বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার জানায়, শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ছিল যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, এরপর রয়েছে শিকাগো, ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক।

এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে কথা বলে তিনি দেশটির ‘অবহেলা’ নিয়ে ব্যাখ্যা চাইবেন। একই সঙ্গে বন ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ তুলে কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি।

তবে কানাডার কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, দাবানল মোকাবিলায় দুই দেশ দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। ১৯৮২ সালের পারস্পরিক অগ্নিনির্বাপণ চুক্তিসহ বিভিন্ন সহযোগিতা কাঠামোর আওতায় নিয়মিত সমন্বয় চলছে।

বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়া বাতাসের গতিপথ অনুসারে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়া স্বাভাবিক ঘটনা। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ এবং কম বৃষ্টিপাতের কারণে কানাডায় এবারের দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে।