সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনৈতিকীকরণের ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিক কর্মশালা আয়োজন নয়, জনকল্যাণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণই হওয়া উচিত প্রশাসনের মূল লক্ষ্য।
দেশে কার্যকর নীতিনির্ধারণের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তার দাবি, অতীতে বিভিন্ন খাতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়োজন রয়েছে।
অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্প গড়ে তোলার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।
