ফাইনালকে ঘিরে গোপালগঞ্জে গরু জবাই, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

ফাইনালকে ঘিরে গোপালগঞ্জে গরু জবাই, আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

ঢাকা দেশ জুড়ে

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রিয় দলের শিরোপা প্রত্যাশায় উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজ, বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং নানা উৎসবমুখর কর্মসূচি গ্রহণ করেছেন সমর্থকরা। রোববার (১৯ জুলাই) উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে বড় পরিসরে ভূরিভোজের আয়োজন করা হয়।

সকাল থেকেই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে অংশ নেন। এ ছাড়া কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একাধিক স্থানে ভূরিভোজ ও বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। অনেক পরিবারও ঘরোয়া আয়োজনে বিশেষ খাবারের প্রস্তুতি নিয়েছে।

পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের ধারাবাহিকতায় এবারও তারা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে ভূরিভোজের আয়োজন করেছেন। তিনি বলেন, শুধু আর্জেন্টিনা সমর্থকদের জন্য নয়, এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ জানান, কান্দি ইউনিয়নের ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে।

বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি আগত দর্শকদের আপ্যায়নের ব্যবস্থাও রয়েছে। বিশ্বকাপ ফাইনালকে ঘিরে কোটালীপাড়াজুড়ে ফুটবলপ্রেমীদের এমন আয়োজন উৎসবের নতুন মাত্রা যোগ করেছে।