কানাডার পণ্যে নতুন ৫০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডার পণ্যে নতুন ৫০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, অটোমোবাইল ও দুগ্ধজাত পণ্যের প্রতি কানাডার বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন শুল্ক আগামী ৩০ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, নতুন শুল্কের আওতায় কানাডার ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য অন্তর্ভুক্ত থাকবে। তবে জ্বালানি, পটাশ এবং আগে থেকেই খাতভিত্তিক শুল্কের আওতায় থাকা পণ্যগুলো এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) আওতাভুক্ত কিছু পণ্যের ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, নতুন শুল্ক ইউএসএমসিএ চুক্তির সরাসরি লঙ্ঘন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাবে কানাডা।

বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই পদক্ষেপ উত্তর আমেরিকার দুই বৃহৎ বাণিজ্য অংশীদারের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এর প্রভাব দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং সরবরাহ ব্যবস্থার ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রে কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করেও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার মন্তব্য নিয়েও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়।

হোয়াইট হাউসের দাবি, গত বছর ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পাল্টা ব্যবস্থা নেওয়া দেশগুলোর মধ্যে কানাডা ও চীন ছিল অন্যতম। একই সঙ্গে ট্রাম্পের শুল্ক নীতি ও রাজনৈতিক মন্তব্যের প্রতিবাদে কানাডার বেশিরভাগ প্রদেশ মার্কিন অ্যালকোহল আমদানি ও ক্রয় সীমিত করেছে বলেও উল্লেখ করেছে মার্কিন প্রশাসন।