ঢাকার ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলায়ও জামিন পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।
এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তৌহিদ আফ্রিদির পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল মাহমুদ শোভন।
আইনজীবী জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই।
গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
চলতি বছরের ১৫ জুন ওয়ারী থানার প্রতারণার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। মামলার এজাহার অনুযায়ী, ফ্রিল্যান্সিং কাজের প্রলোভন দেখিয়ে এক নারীকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে ধাপে ধাপে বিশ্বাস অর্জনের মাধ্যমে তার কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
