বিশ্বকাপের পর চিবুকে অস্ত্রোপচার, নতুন লুকে চেনাই দায় ভিনিসিউস জুনিয়রকে

বিশ্বকাপের পর চিবুকে অস্ত্রোপচার, নতুন লুকে চেনাই দায় ভিনিসিউস জুনিয়রকে

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও সুগঠিত ও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামের একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম।

সোমবার (২০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিলের গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার।

‘চিন হারমোনাইজেশন’-এ বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুকের আকৃতি আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালে তার চিবুকের গঠন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার পরই এই সিদ্ধান্ত নেন ভিনিসিউস।

অস্ত্রোপচারের পর প্রকাশিত বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক ভক্তের মতে, নতুন লুকে ভিনিসিউসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে।

এদিকে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার ইনস্টাগ্রামে তাদের একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশের পর ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের আগে বিচ্ছেদের খবর এলেও সাম্প্রতিক এই ছবির কারণে তাদের সম্পর্ক আবারও স্বাভাবিক হয়েছে কি না, তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে।

এছাড়া ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু দানিলো নসিমেন্তোর পোস্ট করা একটি ছবিতেও রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায় ব্রাজিলিয়ান এই তারকাকে। পাশ থেকে তোলা ওই ছবিতে তার নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে নজরে আসে।

তবে কসমেটিক প্রক্রিয়া বা নতুন লুক নিয়ে ভিনিসিউস জুনিয়র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। এরপরও তার পরিবর্তিত চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।