মুগ্ধসহ ১১ হত্যা মামলার আসামিপক্ষের ডিসচার্জ শুনানি আজ

মুগ্ধসহ ১১ হত্যা মামলার আসামিপক্ষের ডিসচার্জ শুনানি আজ

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বৃহস্পতিবার) আসামিপক্ষের ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হবে।

এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি হত্যাকাণ্ডের ঘটনা ও প্রত্যেক আসামির ভূমিকা আদালতের সামনে তুলে ধরেন।

পরে আসামিপক্ষের আইনজীবীরা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তাদের মক্কেলদের অব্যাহতির আবেদন করেন। তবে সব আইনজীবীর শুনানি শেষ না হওয়ায় আজকের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশের তারিখ নির্ধারণ করতে পারেন।

মামলায় মোট ২৬ জন আসামির মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন এবং ১৮ জন পলাতক। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালিয়ে মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করা হয়। প্রসিকিউশনের দাবি, এ ঘটনাগুলো পরিকল্পিত ও পদ্ধতিগত হামলা, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।