রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন।
তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত অথবা যে কোনো কারণে সেটা করার অপশন আছে। তবে আমরা সেটা জানি না।’
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখবো।’ এ সময় সাংবাদিকরা বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উল্লেখ করলে তিনি বলেন, ‘তাহলে আপনারা রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করতে পারেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। আর সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখেছেন এবং গুঞ্জন শুনছেন, সেটা আমিও শুনেছি।’
