অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

অক্টোবরে কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

খেলাধুলা

২০২৬ ফিফা বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের ব্যাপক সমর্থনের পর ভারত সফরের পরিকল্পনা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শুরুতে কলকাতায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে সেলেসাওরা।

ইএসপিএন ব্রাজিল ও এস্তাদাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতের আয়োজকদের মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে। যদিও ব্রাজিলের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। তাই ভারতের বিপক্ষেই ম্যাচটি হবে— এমনটি এখনো নিশ্চিত নয়।

বিশ্বকাপ চলাকালে ভারতের বিভিন্ন শহরে ব্রাজিলের জার্সি পরা হাজারো সমর্থকের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এই সফরের পরিকল্পনা শুরু হয়। বিশেষ করে কলকাতা ও কেরালায় ব্রাজিল সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবেদনে বাংলাদেশেও ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থকের কথা উল্লেখ করা হয়েছে।

ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ ও অক্টোবরের শুরুতে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলতে চায়। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। তৃতীয় ম্যাচটি কলকাতায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বা ভারতের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ম্যাচটির ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।