যুক্তরাষ্ট্রে চিকিৎসার ভিসা পেতে নতুন নির্দেশনা, যা জানাল ঢাকার মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে চিকিৎসার ভিসা পেতে নতুন নির্দেশনা, যা জানাল ঢাকার মার্কিন দূতাবাস

জাতীয়

যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা (বি-২) আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা প্রকাশ করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আবেদনকারীদের চিকিৎসার প্রয়োজনীয়তা, সম্ভাব্য ব্যয় এবং সেই ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব নির্দেশনা জানানো হয়।

দূতাবাস জানায়, চিকিৎসার জন্য বি-২ ভিসা আবেদনকারীদের চিকিৎসা-সংক্রান্ত প্রয়োজনীয় নথি, চিকিৎসার সম্ভাব্য ব্যয় এবং যুক্তরাষ্ট্রে যাতায়াত ও অবস্থানের সব খরচ বহনের সক্ষমতার প্রমাণ উপস্থাপন করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারীর যুক্তরাষ্ট্র সফরের কারণে দেশটির করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

মেডিক্যাল ভিসার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নিজ দেশের চিকিৎসকের ব্যবস্থাপত্রে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একজন চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্র জমা দিতে হবে, যেখানে চিকিৎসার সম্ভাব্য সময়কাল ও আনুমানিক ব্যয়ের বিবরণ থাকবে।

এ ছাড়া আবেদনকারীকে চিকিৎসা ব্যয়, বিমান ভাড়া এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।