বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহা এবার চিলির কোলো কোলোর পথে

বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনহা এবার চিলির কোলো কোলোর পথে

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর হয়ে খেলতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দেবে চিলির ক্লাবটি।

ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পর্তুগিজ ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া ৩৯ বছর বয়সী এই গোলরক্ষকের সঙ্গে চুক্তির শেষ ধাপে রয়েছে কোলো কোলো। ক্লাবটির সভাপতি আনিবাল মোসাও জানিয়েছেন, ভোজিনহার সঙ্গে সব বিষয়ে সমঝোতা হয়েছে এবং শিগগিরই তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোলো কোলোর সঙ্গে চুক্তি করবেন ভোজিনহা। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসে ভালো ফলের লক্ষ্যেই অভিজ্ঞ এই গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চিলির ক্লাবটি।

সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখান ভোজিনহা। উরুগুয়ে, স্পেন ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দারুণ সেভ করে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান এবং টুর্নামেন্টের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

বিশ্বকাপের পর তার প্রতি আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিসহ বেশ কয়েকটি দল। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার ফুটবলে নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কোলো কোলোতে যোগ দিলে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো ‘এল তানো’ ওরতিজের অধীনে খেলবেন ভোজিনহা। একই সঙ্গে চিলির কিংবদন্তি মিডফিল্ডার আতুরো ভিদালসহ কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের সঙ্গে মাঠ ভাগাভাগি করার সুযোগ পাবেন তিনি।