২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮২৫

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮২৫

জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৭৩০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছেন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৫ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।