হরমুজ প্রণালিতে ৩টি তেলবাহী ট্যাংকার আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে ৩টি তেলবাহী ট্যাংকার আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু।

আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় কয়েক ঘণ্টা আগে অভিযান চালিয়ে সেগুলো আটক করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ হস্তক্ষেপ’ এবং তার নির্দেশনায় পরিচালিত কার্যক্রমের জবাব এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর মাধ্যমে দেওয়া হবে। তবে আটক হওয়া জাহাজগুলোর নাম, মালিকানা, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা সুনির্দিষ্ট কী অভিযোগে সেগুলো আটক করা হয়েছে—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান দাবি করেছে, তারা এ অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পদক্ষেপ নিয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এ নৌপথে যেকোনো ধরনের সামরিক উত্তেজনা বা জাহাজ চলাচলে বিঘ্ন আন্তর্জাতিক তেলবাজার ও বৈশ্বিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।