শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

বিনোদন

বিয়ের পর ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘ককটেল ২’। এর মধ্যেই নতুন দুই সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’ সিনেমার শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে রাশমিকা নিতম্বে গুরুতর আঘাত পান।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আঘাতের ফলে নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল ফাইবার) সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এ ধরনের চোট সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের ক্ষেত্রে বেশি দেখা যায়। একজন অভিনেত্রীর এমন গুরুতর আঘাত চিকিৎসকদেরও বিস্মিত করেছে।

চোটের কারণে চিকিৎসকেরা রাশমিকাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না বলে জানা গেছে।

বর্তমানে রাশমিকা স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘রাণাবলী’ সিনেমায় অভিনয় করছেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এর আগে ‘অর্জুন রেড্ডি’, ‘ডিয়ার কমরেড’ এবং ‘গীত গোবিন্দম’ সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

উদয়পুরে রাজকীয় আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে হায়দরাবাদে অনুষ্ঠিত প্রীতিভোজে দক্ষিণী চলচ্চিত্র ও বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুটিং করতে গিয়ে এর আগেও আহত হয়েছিলেন রাশমিকা মান্দানা। ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময় তাঁর পায়ে চোট লাগে। ওই সিনেমায় তিনি বলিউড অভিনেতা সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন।