বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে মালয়েশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধিদলকে স্বাগত জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বোয়েসেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চলমান জনশক্তি সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিমানবন্দরে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রতিনিধিদলের সদস্যদের স্বাগত জানান এবং প্রতিনিধিদলের প্রধানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
সংস্থাটি জানিয়েছে, সফরকালে প্রতিনিধিদলের সঙ্গে জনশক্তি খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনা দুই দেশের শ্রমবাজারে সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানানোর সময় বোয়েসেলের মহাব্যবস্থাপক নূর আহমেদ, উপব্যবস্থাপক সাঈদ সালেহীন এবং বিমানবন্দরের ওয়েলফেয়ার ডেস্কের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
