ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুকে সীমিত (রেস্ট্রিক্ট) করে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছিল এবং পরে ভিডিওটি পুনরায় স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান বলেন, প্রধানমন্ত্রী মোদির পোস্ট সীমিত হওয়ার ঘটনায় তিনি ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন। তার ভাষ্য, এটি ছিল একটি প্রযুক্তিগত ভুল এবং দ্রুত তা সংশোধন করা হয়েছে।
ঘটনাটি ঘটে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সময়, যখন দেশের যুবসমাজের উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর একটি ভিডিও পোস্ট সাময়িকভাবে সীমিত হয়ে যায়। বিষয়টি নিয়ে ভারতের তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি মেটার কাছে ব্যাখ্যা চায়।
জবাবে মেটা জানায়, এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না; বরং একটি অনিচ্ছাকৃত পরিচালনাগত (অপারেশনাল) ত্রুটির কারণে এমনটি ঘটেছে।
এদিকে, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মেটার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের নিরাপত্তা, ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলার বিষয়েও আলোচনা হয়েছে।
মেটা জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্কতা অবলম্বন করা হবে এবং ভারতীয় আইন ও নীতিমালা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
