জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার প্রধানমন্ত্রীর

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এসব উপহার তুলে দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে তিনি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। এ সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দেওয়া হয় দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন তিনি।

গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।