২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জামালপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকলেও মাত্র তিনজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি।
শতভাগ ফেল করা তিন প্রতিষ্ঠান হলো—সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা।
মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে বর্তমানে ১১ জন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মাত্র ৩ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে তিনজনই অকৃতকার্য হয়েছে। এটি বিদ্যালয়টির প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ।
অন্যদিকে, সরিষাবাড়ীর ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে ৪ জন শিক্ষক রয়েছেন। এবার বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেনি।
বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে এবার ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তারাও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন এবং এটি প্রতিষ্ঠানটির প্রথম এসএসসি পরীক্ষা।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর জানান, ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুঃখজনকভাবে একজনও পাস করতে পারেনি।
