ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই এগোচ্ছে এবং হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১১ আগস্ট) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।
ট্রাম্প বলেন, “ইরানের পরিস্থিতি ভালো, একেবারেই ভালো। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আমাদের হাতে; অন্য কারও নয়, শুধু আমাদের।” মার্কিন নৌবাহিনীর সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ‘অবিশ্বাস্য’ এবং দেশের জন্য সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।
তবে ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে আস্থার সংকট রয়েছে বলেও জানান ট্রাম্প। তিনি বলেন, “আমি ইরানকে বিশ্বাস করি না। ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমিই সম্ভবত শেষ ব্যক্তি; তারা প্রতিনিয়ত আমার সঙ্গে মিথ্যা বলেছে।”
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে ইরানের দিকে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থামাতে ওমান উপসাগরে মার্কিন বাহিনী হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানিয়েছিল। ফলে ইরানের বন্দর, হরমুজ প্রণালি ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
