আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য পতন হয়েছে। চলতি বছরে বৈশ্বিক জ্বালানি চাহিদা কমতে পারে—এমন পূর্বাভাস বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব ফেলায় তেলের দামে এই পতন দেখা দিয়েছে। সরবরাহ ব্যবস্থার ঝুঁকি ও ভূরাজনৈতিক উদ্বেগকে সাময়িকভাবে ছাড়িয়ে গেছে চাহিদা কমার আশঙ্কা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১১ সেন্ট বা ০.১২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৮.৮৭ ডলারে নেমে আসে। এর মধ্য দিয়ে টানা ছয় সেশনের মূল্যবৃদ্ধির ধারায় বিরতি পড়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৬ সেন্ট বা ০.১৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩.১১ ডলারে লেনদেন হয়। টানা পাঁচ সেশনের দাম বাড়ার পর এটি ছিল প্রথম পতন।

বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, চলতি বছরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীরা নতুন করে হিসাব-নিকাশ শুরু করেছেন। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।

তবে তেলের দাম কমার প্রবণতা খুব বেশি শক্তিশালী হয়নি। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়া এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো বাজারে উদ্বেগ তৈরি করছে। ফলে এসব ভূরাজনৈতিক ঝুঁকি তেলের দরপতনকে কিছুটা সীমিত রেখেছে।