বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য : বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক খাতকে অগ্রাধিকার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে উভয় দেশ। দুই দেশের বর্তমান বাণিজ্য সীমিত হলেও প্রযুক্তিনির্ভর খাতে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে বলে বৈঠকে আলোচনা হয়েছে।

দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমানে সীমিত হলেও সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশের দ্রুত বিকাশমান আইসিটি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণ করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য। বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত বলেন, লিথুয়ানিয়া লেজার প্রযুক্তি, গভটেক ও ফিনটেক সেবায় অগ্রগামী। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তি উন্নয়ন ও সাইবার নিরাপত্তা জোরদারে দেশটি অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময়ে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দ্রুত কার্যকর পদক্ষেপ, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খাতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।