স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ হলেও বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও পানি সরবরাহের মতো খাতে আধুনিক প্রযুক্তি এবং মার্কিন বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।
তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো ও জনসেবামূলক খাতের উন্নয়নে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রদূত সরকারের নির্বাচনী ইশতেহারের বাইরে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
