গুম ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে এসব নিয়োগপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মোট ৭৪ জনকে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং অনুষ্ঠানের শুরুতে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
সরাসরি নিয়োগপত্রপ্রাপ্তদের মধ্যে ছিলেন গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই অভ্যুত্থানে দৃষ্টিশক্তিহীন আহত যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলম সরাসরি নিয়োগপত্র গ্রহণ করেন।
নিয়োগপত্র পেয়ে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একই সঙ্গে গুম ও জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
