স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা

স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, স্কাউট শিক্ষার্থীদের শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এ জন্য শিক্ষা বাজেট থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনে সফল হতে হলে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শিক্ষকদের সম্মান করার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। স্কাউটদের উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহযোগিতা করার কথাও জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শুধু পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও কারিগরি শিক্ষা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে।

দেশ পরিচালনায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে স্কাউট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধ অর্জন করতে হবে।