বাঁধনকে সারজিসের বার্তা 'কষ্ট পাবেন না, পুরো বাংলাদেশ আপনার সাথে'

বাঁধনকে সারজিসের বার্তা ‘কষ্ট পাবেন না, পুরো বাংলাদেশ আপনার সাথে’

জাতীয়

ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাঁধনের প্রতি সংহতি জানিয়ে তার পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

হামলাকারীদের সমালোচনা করে তিনি বলেন, যারা বাঁধনকে আক্রমণ করেছে, তাদের তিনি ‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তবে সারজিসের ভাষ্য, তারা বাঙালির পরিচয়ের চেয়ে খুনিদের দালাল এবং বিবেকবোধহীন মানুষের পরিচয়ই বেশি বহন করে।

তিনি আরও বলেন, এ ধরনের মানুষের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করার সুযোগ নেই। পাশাপাশি ঘটনার জন্য বাঁধনকে কোনো ধরনের কষ্ট না পাওয়ার আহ্বান জানিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন সারজিস।

পোস্টের শেষাংশে বাঁধনের উদ্দেশে সারজিস আলম লেখেন, ‘এসবের জন্য বিন্দুমাত্র কষ্ট পাবেন না। আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে।’

উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) ইতালিতে হেনস্তার পর হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে ইতালির একটি সড়কে কয়েকজন বাঙালি যুবক তার দিকে এগিয়ে যান। এ সময় তার দিকে পানি ছোড়া হয় এবং একজন তাকে মারতে উদ্যত হন।

ঘটনার পর ফেসবুক লাইভে এসে পুরো বিষয়টি তুলে ধরেন বাঁধন। সে সময় তার চোখে-মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। আঘাতের কারণে তার মুখও কিছুটা ফোলা ছিল।