সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় গ্রেডভেদে সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে গেজেটটি প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে চাকরিজীবীরা প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।
প্রথম ধাপে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পুরোনো ও নতুন মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ।
দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডে এই হার হবে ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ।
তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে সব সরকারি কর্মকর্তা-কর্মচারী বার্ষিক বেতন বৃদ্ধিসহ নতুন বেতন কাঠামোর শতভাগ মূল বেতন পাবেন।
তবে নতুন মূল বেতন কার্যকর হলেও ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িভাড়া, চিকিৎসা, উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারে দেওয়া হবে। নতুন হারে এসব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন কাঠামোয় চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি বয়সীদের মাসে ৪ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ১৫ শতাংশ হারে বহাল রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই রাখা হয়েছে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। ফলে প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে।
অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপে ধাপে বর্ধিত নিট পেনশন কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তারা শতভাগ নিট পেনশন পাবেন। বয়স অনুযায়ী পেনশনভোগীদের চিকিৎসা ভাতা ৩ হাজার থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার কোটি টাকা। এর আওতায় দেশের প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগী সুবিধা পাবেন।
এর আগে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে শনিবার নতুন পে স্কেলের গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ৩১ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদনের পর এর বাস্তবায়নের পথ খুলে যায়।
