দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে আগুন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, সৌর প্যানেলে আগুন

আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, মায়ফাদুন ও জাওতার আল-শারকিয়াহর মধ্যবর্তী এলাকা এবং ওয়াদি আল-সালুকিতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে। বারাচিত ও বেইত ইয়াহুন এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলার খবর পাওয়া গেছে।

এ ছাড়া মায়ফাদুনের একটি এলাকায় সৌরবিদ্যুতের প্যানেল লক্ষ্য করে গোলাবর্ষণ করা হলে সেগুলোতে আগুন ধরে যায়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বারাচিতের আবদ আল-নাবি এলাকায়ও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দক্ষিণ লেবাননের টায়ার জেলার আল-মানসুরি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। এনএনএর তথ্য অনুযায়ী, ওই এলাকায় এর আগে ভোরে গোলাবর্ষণের পর আবারও হামলা চালানো হয়।

এদিকে, দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ, বিমান হামলা ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন এলাকায় হামলা চললেও যুদ্ধবিরতি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।