ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে হাইকমিশন।
হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। তবে অনুরোধটি আদৌ শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নয় হাইকমিশন।
এ বিষয়ে হাইকমিশন জানায়, ই-মেইলটি যে শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই।
এ ছাড়া আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না।
হাইকমিশন আরও জানিয়েছে, বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
