ইরান বর্তমানে ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।খবর আল-জাজিরার।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন উপায়ে ইরানকে দুর্বল ও ধ্বংস করার চেষ্টা চালিয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও দেশটির ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন।
তিনি বলেন, ইরান বর্তমানে যে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তা মোকাবিলা করা অত্যন্ত কঠিন। ক্ষেপণাস্ত্রের যুদ্ধের তুলনায় এই নীরব অর্থনৈতিক যুদ্ধ আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। শীতকালে যেন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া কিংবা লোডশেডিংয়ের মতো পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
