যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এবার মনোরেল চালুর চিন্তা সরকারের

জাতীয়

ঢাকার তীব্র যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর পরিকল্পনা বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হচ্ছে। তবে এগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যেই রাজধানীর ৫০টি পয়েন্টে এআই প্রযুক্তিনির্ভর এসব সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু করা সম্ভব হবে। এর ফলে ঢাকার যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

যানজট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজধানীর কয়েকটি রুটে ইতোমধ্যে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া নগরবাসীর যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, মনোরেল তুলনামূলক সরু জায়গা ও সীমিত পরিসরের মধ্য দিয়ে চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও এ ধরনের পরিবহন ব্যবস্থা চালুর সুযোগ রয়েছে।

সরকারের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।