তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, বাংলাদেশ সফর ২০২৭ সালে

তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, বাংলাদেশ সফর ২০২৭ সালে

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেছেন। একই সঙ্গে ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।

এ সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচনে নেওয়া ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা।

এ ছাড়া সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।