রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচলে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মোট আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপে ব্র্যাক ও বিআইজিডি আয়োজিত এক নীতি আলোচনায় এ তথ্য জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, লাখো চালকের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ না করে বুয়েটের নকশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ই-রিকশা চালুর উদ্যোগ নেওয়া হবে। এলাকাভেদে আলাদা রঙের নিবন্ধিত ই-রিকশা সড়কে চলাচল করবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অনিয়ন্ত্রিত রিকশা ও হকারের কারণে রাজধানীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢালাওভাবে রিকশার অনুমোদন দেওয়া হলে শহরের যান চলাচল আরও অচল হয়ে পড়বে।
