আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে

খেলাধুলা

আজ পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। ২০ দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দিনেই অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। শনিবার (৭ ফেব্রুয়ারি) কলম্বোর শিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সকাল সাড়ে ১১টায় পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিশ্বকাপ।

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা। সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী দলটি নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করতে চাইবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর দলটির আত্মবিশ্বাসও বেশ উঁচুতে।

দিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকাল সাড়ে ৩টায়, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। শক্তির বিচারে ক্যারিবিয়ানদের এগিয়ে রাখা হলেও স্কটল্যান্ড চমক দেখাতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

প্রথম দিনের শেষ ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাইবে ভারত।

এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০টি দল। ভারত ও শ্রীলঙ্কার মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৫টি ম্যাচ। আয়োজকরা জানিয়েছে, এবারের আসরে প্রাইজমানিও রেকর্ড পরিমাণ হতে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মোট প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন ডলারের পুরস্কার অর্থ নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬০ কোটি টাকার সমান। চ্যাম্পিয়ন দল পাবে বড় অঙ্কের অর্থ পুরস্কার, রানার্স-আপ দলও পাবে উল্লেখযোগ্য প্রাইজমানি।