মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে সোমবার (৩০ মার্চ) পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজকের দিনেই বাতিল হয়েছে ১৮টি ফ্লাইট।
বাতিল হওয়া আজকের ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতগামী ২টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিনই ২০ থেকে ৪৬টির মধ্যে ফ্লাইট বাতিল হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
