দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে এই তাপপ্রবাহ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ১৬ এপ্রিল দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল—রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আগামী দুই দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে ১৪ এপ্রিল থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ২৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে হবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বড় ধরনের আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
