দর্শনা সীমান্তে ১০ সোনার বারসহ পাচারকারী আ'ট'ক

দর্শনা সীমান্তে ১০ সোনার বারসহ পাচারকারী আ’ট’ক

খুলনা দেশ জুড়ে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি সোনার বারসহ আলঙ্গীর খান (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে উপজেলার দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলঙ্গীর খান দর্শনা মোবারকপাড়া এলাকার মৃত বাদল খানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান নেয়। ভোর আনুমানিক ৬টার দিকে এক ব্যক্তি সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

এর আগে ১১ এপ্রিল রাতে একই উপজেলার বাড়াদি সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪টি সোনার বার উদ্ধার করে বিজিবি, এ সময় একজন চোরাকারবারিকে আটক করা হয়।