ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চার বছরের সর্বোচ্চে তেলের দাম, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় চার বছরের সর্বোচ্চে তেলের দাম, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

আন্তর্জাতিক

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রশাসনের সম্ভাব্য দীর্ঘমেয়াদি নৌ অবরোধের আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম হঠাৎ বেড়ে যায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২২ ডলারে ওঠে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। এই মূল্যবৃদ্ধি বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে।

জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনসহ বড় বড় জ্বালানি কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে আলোচনা হয়।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ দীর্ঘায়িত করার বিষয়ে ট্রাম্প প্রশাসন পরিকল্পনা করছে। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করার কৌশল নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, তেল সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে শুধু জ্বালানি নয়, বিশ্বব্যাপী নিত্যপণ্যের দামও বাড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়ার পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। ফলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটে এবং বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়।