সাবেক আর্জেন্টাইন ফুটবলার Ezequiel Lavezzi আবারও বিতর্কে জড়িয়েছেন। অবসরের পর তার ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ব্ল্যাকমেইলের অভিযোগ। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১৯ সালে ফুটবলকে বিদায় জানানোর পর থেকেই এই ঘটনার সূত্রপাত।
কোভিড-১৯ মহামারির সময় লাভেজ্জি ব্রাজিলিয়ান মডেল Natalia Borges-এর সঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভ্রমণে যান। তাদের সম্পর্ক দ্রুতই আলোচনায় আসে, বিশেষ করে জানা যায়, ওই মডেল আগে লাভেজ্জির এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কে ছিলেন। এ ঘটনায় নতুন মাত্রা যোগ করেন লাভেজ্জির সাবেক সঙ্গী Yanina Screpante।
তিনি বিষয়টি নিশ্চিত করে ফুটবলারের আচরণের সমালোচনা করেন এবং দাবি করেন, এ ধরনের বিতর্কে আগে থেকেও জড়িয়েছেন লাভেজ্জি।
সবচেয়ে বড় অভিযোগটি উঠে আসে ব্ল্যাকমেইল ঘিরে। অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি লাভেজ্জি ও বোরহেসকে হুমকি দেয় যে, তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ফাঁস করে দেওয়া হবে। এসব গোপন রাখতে প্রতিটি ফাইলের জন্য প্রায় ৪ হাজার পাউন্ড দাবি করা হয় বলে জানা গেছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাকমেইলাররা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে যোগাযোগ করে এবং শুধু ভিডিও নয়, ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিং থাকার দাবিও করে। ফাইলগুলোর বিস্তারিত বর্ণনা দিয়ে তারা হুমকিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
২০২২ সালে লাভেজ্জি ও বোরহেসের সম্পর্কের ইতি ঘটে। তবে বিতর্ক থামেনি। পরে অভিযোগ ওঠে, নতুন সম্পর্কে থাকা অবস্থায়—এমনকি তার বর্তমান সঙ্গী সন্তানসম্ভবা থাকাকালেও লাভেজ্জি আবার বোরহেসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
