বিশ্বকাপ শুরুর আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির ওপর থাকা এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। শুক্রবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এ সিদ্ধান্ত জানায়।
এর ফলে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে আর কোনো বাধা থাকছে না এই তারকা ডিফেন্ডারের। ৩৮ বছর বয়সী ওতামেন্দি বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন। নিয়ম অনুযায়ী তার ওপর এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ফিনালিসিমায় সেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় শাস্তিটি বিশ্বকাপের প্রথম ম্যাচে বহাল থাকার শঙ্কা তৈরি হয়। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে শাস্তি মওকুফের আবেদন জানায়।
জানা গেছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশেষ উদ্যোগ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আবেদনের পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলছেন ওতামেন্দি। তবে বিশ্বকাপের পর তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
