নেইমারকে নিয়েই ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

নেইমারকে নিয়েই ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

দীর্ঘদিন ইনজুরিতে ভোগার কারণে গত তিন বছরে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। ফলে বিশ্বকাপের দলে তাকে রাখা হবে কি না, তা নিয়ে ছিল বড় ধরনের অনিশ্চয়তা। তবে ইনজুরি কাটিয়ে ক্লাব সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করেছেন ব্রাজিলের এই পোস্টার বয়।

চূড়ান্ত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন অ্যালিসন, এদেরসন ও ওয়েভারতন। রক্ষণভাগে সুযোগ পেয়েছেন অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস ও ওয়েসলি।

মিডফিল্ডে আছেন ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, ফাবিনিও ও লুকাস পাকেতা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মার্তিনেল্লি, এনদ্রিক, মাথেউস কুনিয়া, লুইস এনরিকে, ইগর থিয়াগো ও রায়ান।

দল ঘোষণার পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণে রেখেছিলাম। শেষ সময়ে সে ধারাবাহিকভাবে খেলেছে এবং তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।”

তিনি আরও বলেন, “নেইমারের খেলা, না খেলা কিংবা বেঞ্চে থাকার সম্ভাবনা আছে। তবে আমরা বিশ্বাস করি, সে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। অন্য ২৫ জনের মতো তারও সমান দায়িত্ব থাকবে।”

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য ষষ্ঠ শিরোপা জয়। আর সেই মিশনে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন আনচেলত্তি।