মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনায় একটি সমঝোতা স্মারক (MoU) প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খবরটি জানিয়েছে আল জাজিরা।
শনিবার (২৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, সম্ভাব্য এই চুক্তির আওতায় বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হতে পারে। তবে তিনি উল্লেখ করেন, চুক্তিটি এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকসহ সংশ্লিষ্ট কয়েকটি দেশের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, চুক্তির বিস্তারিত ও শেষ ধাপ নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে ট্রাম্প কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, জর্ডান, মিশর, তুরস্ক ও বাহরাইনের নেতাদের সঙ্গে ফোনালাপ করেন। একইসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলাদা করে আলোচনা করেন তিনি।
সপ্তাহজুড়ে ট্রাম্পের অবস্থানেও পরিবর্তন দেখা গেছে। শুরুতে তিনি ইরানকে দ্রুত চুক্তিতে পৌঁছানোর সতর্কবার্তা দিলেও পরে উপসাগরীয় দেশগুলোর অনুরোধে সামরিক হামলা স্থগিত রাখার ইঙ্গিত দেন। এরপর কখনও উত্তেজনা বৃদ্ধির হুঁশিয়ারি আবার কখনও সমঝোতার সম্ভাবনার কথা বলেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর শেষে দেশে ফিরেছেন। পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সফরটি ফলপ্রসূ হয়েছে এবং চূড়ান্ত সমঝোতার পথে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।
তবে ইরান বরাবরই পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সতর্ক অবস্থান বজায় রেখেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরে এলে বৈশ্বিক তেল বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
