ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ইউনিটগুলো কাজ করছে।
এর কয়েক মিনিট আগেই সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।
সামরিক সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে দেশজুড়ে সেনাবাহিনীকে ‘হাই অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে।
এর আগে সোমবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের চালানো একটি প্রাণঘাতী হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার পর থেকেই পাল্টা হামলার আশঙ্কা করছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা, লক্ষ্যবস্তু কিংবা হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল-ইরান বিরোধ নতুন মাত্রা পাওয়ায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।
