এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে সরকার। আগামী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা অনলাইন, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
অনলাইনে যেভাবে ফল জানবেন ফলাফল জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষার বছর, শিক্ষা বোর্ডের নাম, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানার নিয়ম মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
**SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬**
উদাহরণ:
**SSC DHA 123456 2026**
এরপর পাঠাতে হবে **16222** নম্বরে। মাদরাসা বোর্ডের (দাখিল) ফল জানার নিয়ম দাখিল পরীক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশনের মাধ্যমে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে পারেন। এজন্য লিখতে হবে—
**Dakhil MAD 123456 2026**
এবং পাঠাতে হবে **16222** নম্বরে।
কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানার নিয়ম কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের লিখতে হবে—
**SSC TEC 123456 2026**
এবং পাঠাতে হবে **16222** নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে। প্রতি বছরের মতো এবারও ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত নিজেদের ফলাফল জানতে পারবেন।
